চুয়াডাঙ্গা প্রতিনিধি
জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গত শনিবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেন, চুয়াডাঙ্গার জেলার সর্বত্র ওয়ার্ড থেকে শুরু করে আগামী জুলাইয়ের মধ্যে আওয়ামী লীগের প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাসমূহের সম্মেলন সুসম্পন্ন করতে হবে। জাতীয় শোকের মাস আগস্ট পেরিয়ে চলতি বছরের সর্বোচ্চ ২৭ সেপ্টেম্বরের মধ্যে এই চুয়াডাঙ্গা জেলার সম্মেলন করতে হবে।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সংগঠক সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন ও পারভীন জামান কল্পনা।
