জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চায়না-৭ কাগুজে লেবু চাষে সফল হয়েছেন জীবননগর উপজেলার নতুন তেঁতুলিয়া গ্রামের আব্দুস সাত্তার। সারা বছর লেবু দেয় চায়না সেভেন। প্রতিটি গাছে ফুল থেকে শুরু করে বিভিন্ন আকৃতির লেবু থোকায় থোকায় ঝুলছে। স্বাদ ও গন্ধ একেবারে দেশি কাগুজে লেবুর মতো।
জীবননগর উপজেলার নতুন তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুস সাত্তার জানান, তার ছেলে হাফেজ মাওলানা মুফতি জিয়াউদ্দিন ঢাকা থেকে চায়না সেভেন লেবুর চারা সংগ্রহ করে তাকে দেন। তিনি জীবননগর বিজিবি ক্যাম্পের উত্তর কোনের মাঠে আপেল কুলের বাগানের সাথে চায়না সেভেন লেবুর বাগান গড়ে তোলেন। মাত্র দুই বছর বয়সেই গাছে ফুল আসতে শুরু করে। তিন বছরের মাথায় তিনি লেবু নিতে শুরু করেন। সারা বছরই গাছে ফুল ও ফল ধরে। প্রতিটি লেবুর আকৃতি লম্বায় দেড় থেকে দুই ইঞ্চি। রঙে অত্যন্ত আকর্ষণীয় ও রসে ভরপুর। বাগান হতেই ২৪ টাকা হালি দরে পাইকারি বিক্রি হয়ে যাচ্ছে এ লেবু।
আব্দুস সাত্তার আরো জানান, প্রতি সপ্তাহে তিনি কমপক্ষে সাত হাজার টাকার লেবু বিক্রি করছেন। চাহিদার কথা বিবেচনা করে তিনি এ বছর এ লেবুর বাগান আরো বৃদ্ধি করবেন। এ জন্য তার বাগানে প্রচুর পরিমাণ কলাম চারা বাঁধা হয়েছে। যা থেকে তিনি বাগান তৈরিসহ বাইরে বিক্রি করতে পারবেন।
