টাঙ্গাইলের সন্তোষে ব্রিজ ভেঙে পড়েছে

আপডেট : ১২ মে ২০১৯, ২১:৪২

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল-চারাবাড়ি সড়কের সন্তোষে লাল রঙের বেইলি ব্রিজ শনিবার সকালে ভেঙে গেছে। বালু বোঝাই একটি ট্রাক ব্রিজ পার হওয়ার সময় এটি ভেঙে যায়। এতে পশ্চিম চরাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ বাজারের পশ্চিম পাশের বেইলি ব্রিজ দিয়ে বালু বোঝাই একটি ট্রাক পাড় হওয়ার সময় হেলে পড়তে থাকে। তখন ট্রাক দ্রুত পাড় হলেও ব্রিজটি ভেঙে পড়ে। এতে টাঙ্গাইল শহরের সঙ্গে পশ্চিম চরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। তবে পাশের একটি সরু রাস্তা দিয়ে ছোট যানবাহন চলাচল করছে। ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে স্থানীয় আব্দুর রশিদ ও আমিনুর রহমান জানান।

টাঙ্গাইল এলজিইডির প্রধান প্রকৌশলী মো. গোলাম আযম বলেন, মানুষের চলাচলের জন্য যত দ্রুত সম্ভব ব্রিজটি মেরামত করা হবে। তারপর সেখানে নতুন ব্রিজ নির্মাণ করা হবে।