চাটখিলে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১২ মে ২০১৯, ২১:৪২

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

চাটখিলে সরকারি খালের ওপর স্থাপিত অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এযাবত্ প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে উচ্ছেদ অভিযানে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় এ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জানা গেছে, হাইকোর্টের নির্দেশে ভূমি সংস্কার বোর্ড ও জেলা প্রশাসনের আওতায় এ উচ্ছেদ অভিযান  পরিচালিত হচ্ছে। গত রবিবার থেকে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে রামনারায়ণপুর ইউপি অফিস সংলগ্ন ১৭টি নোয়াখোলা এবং খিলপাড়া ভূমি অফিসের আওতায় ৪৩টি, সাহাপুর বাজারে ৬৬টি, কাচারি বাজারে ২৭টি, পৌর এলাকায় ১৭টি এবং পাল্লায় ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে।

এসব স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় এগুলো গুড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। স্থাপনাসমূহ এখনো খালের উপরে রয়েছে। স্থাপনা উচ্ছেদে ব্যবহূত ক্রেন দিয়ে অবৈধ স্থাপনাসমূহের সামনের সাটার ও চারপাশের ওয়াল ও বেড়া হালকা বিধ্বস্ত করে রাখা হচ্ছে, খালের উপরে পিলার ও সলিং থেকেই যাচ্ছে। এতে অবৈধ স্থাপনা উচ্ছেদের ৬-৭ দিন পর পুনরায় দখল হয়ে যাচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি শান্তনু কুমার দাস জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। উচ্ছেদকৃত স্থাপনাসমূহ অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।