রামগড়ে বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু

আপডেট : ১২ মে ২০১৯, ২১:৪৩

 রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির রামগড়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে এক ব্যক্তি। শনিবার বিকালে টয়লেটের গর্তে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মরণ মালাকার (৫০)। তিনি রামগড় পৌরসভার গর্জনতলী এলাকার মৃত চন্দ্র মোহন মালাকারের পুত্র।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, পৌরসভার ২নং ওয়ার্ডের জগন্নাথপাড়া এলাকার বাসিন্দা ছায়ারাণী শীলের মেয়ে সীমা রাণী টয়লেট ব্যবহার করতে গেলে মোবাইল ফোনটি পড়ে যায়। ফোনটি তোলার জন্য মরণ মালাকার নামে এক ব্যক্তিকে ডেকে আনা হয়। ৬শ টাকায় মোবাইল ফোনটি তুলে দেয়ার কথাবার্তা হওয়ার পর শনিবার বিকাল ৪টার দিকে গর্তে নেমে আটকে যায়।

খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিস স্টেশন থেকে একদল উদ্ধারকর্মী যায়। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী মো. আরমান উদ্দিন জানান, মরণ মালাকার বেঁচে নেই। গর্তটি প্রায় ১৫ ফুট গভীর। টয়লেটের বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে সে। তিনি বলেন, ওই গর্তে অক্সিজেন দিয়ে লাশ উদ্ধার করতে হবে। এতে কিছু সময় লাগবে।

থানার এসআই মজিবুর রহমান জানান, লাশ উদ্ধারের পর পরবর্তী আইনি কার্যক্রম নেওয়া হবে। রাত পৌনে ৮টা পর্যন্ত লাশটি উদ্ধারে অভিযান চলছিল।