ময়মনসিংহের ফুলপুরে ট্রান্সফরমার বিকলের ফলে ২টি গ্রাম ১ মাস যাবত্ অন্ধকারে। বিদ্যুতের দাবিতে গতকাল শনিবার দুপুরে এলাকাবাসী ফুলপুর খাদ্য গুদাম এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন।
ফুলপুর পৌরসভার চরপাড়া ও গোদারিয়া গ্রামের একাংশে বিদ্যুত্ সরবরাহে একটি ট্রান্সফরমার প্রায় ১ মাস আগে বিকল হয়ে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। ট্রান্সফরমার মেরামত করাতে এলাকাবাসীর বিভিন্ন চেষ্টা-তদবিরে কাজ না হওয়ায় বিকলের ১৫ দিন পর স্থানীয় বিদ্যুত্ বিভাগকে গ্রাহকরা চাঁদা তুলে ১৫ হাজার টাকা দেয়। পরে স্থানীয় বিদ্যুত্ বিভাগ বৃহস্পতিবার ২০০ কেভি ট্রান্সফরমারের স্থলে ১০০ কেভি ট্রান্সফরমার বসাতে চাইলে এলাকাবাসীর বাধায় তারা বসাতে পারেনি।
বিক্ষুব্ধ এলাকাবাসী শনিবার বিদ্যুতের দাবিতে সড়কে গাছ ফেলে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। ফুলপুর বিদ্যুত্ বিভাগ আজ রবিবারের মধ্যে ট্রান্সফরমার পরিবর্তন করে বিদ্যুত্ সংযোগ দেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
