নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত জামিল সারওয়ার জনি অজ্ঞাত ব্যক্তির আগ্নেয়াস্ত্রের গুলিতে আহত হয়েছেন। ডান পায়ে গুলিবিদ্ধ এই পুলিশ কর্মকর্তা কুইন্সের জ্যামাইকা হসপিটাল সেন্টারে চিকিত্সাশেষে বাসায় ফিরে গেছেন। সন্ত্রাসীদের ধরতে পুলিশ ব্যাপক তল্লাশি চালাচ্ছে। দুজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা জনির বাংলাদেশে গ্রামের বাড়ি পিরোজপুর জেলা সদরের শেখপাড়ায়। ২০০৭ সালের সেপ্টেম্বরে জনি নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেন। শুরুতে ট্রাফিক বিভাগে কাজ করেন। দেড় বছর আগে রেগুলার পুলিশের অপারেশন ইমপ্যাক্ট ইউনিটে যোগ দেন। বৃহস্পতিবার রাতে ব্রুকলিনে দায়িত্ব পালনের সময় একটি আবাসিক প্রকল্পে কে বা কারা গুলি চালায়। জনি তখন পাল্টা গুলি চালান। এসময় তিনি ডান উরুতে গুলিবিদ্ধ হন। নিউইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউন সাংবাদিকদের জানিয়েছেন, ব্রুকলিনের অপরাধপ্রবণ এলাকা ‘সাইপ্রাস হিলস্ হাউসেস’ নামের ওই আবাসিক প্রকল্পের এক ভবনের ছাদ থেকে গুলি করা হয়ে থাকতে পারে। জনিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, নাকি এলোপাতাড়ি গুলি এসে তার গায়ে লেগেছে তা এখনো স্পষ্ট নয়’।
বাঙালি এই পুলিশ অফিসারের গুলিবিদ্ধ হবার খবর শুনে প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। পুলিশ কমিশনার রেমন্ড কেলিও জনিকে দেখতে হাসপাতালে যান। জনির বাবা সারওয়ারুল ইসলাম পিরোজপুরের বিশিষ্ট আইনজীবী এবং মা রেনু সুলতানা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়াশেষ জনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
