বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আগামী ছয় মাস বাংলাদেশ সংকটের ভেতর দিয়ে যাবে। এখন বিশেষ চারটি পরিস্থিতির মধ্য দিয়ে দেশ এগুচ্ছে। এগুলো হচ্ছে-গণতান্ত্রিক উত্তরণ, সামাজিক শক্তির ক্রিয়া-প্রতিক্রিয়া, প্রবৃদ্ধি ও বিদেশি বিনিয়োগের ধারা এবং আন্তর্জাতিক সম্পর্কে টানাপোড়েন। বিষয়গুলো নাগরিক শক্তিরও ভাবনার কারণ মন্তব্য করে তিনি বলেন, দেশের সুশীল সমাজের আর বসে থাকার সুযোগ নেই, কিছু একটা করার দরকার।
গতকাল এক হোটেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। ড. ভট্টাচার্য বলেন, নির্বাচনই গণতন্ত্রের একমাত্র অঙ্গ-তা কিন্তু নয়। গণতান্ত্রিক বৈধতার সাথে আরো অনেক জিনিস জড়িয়ে আছে। সকলকে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের ধারণাকে আরো বিস্তৃত হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. সুশান্ত কুমার, জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুল হক ও সাবেক সভাপতি ই ইউ শহীদুল ইসলাম, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল আউয়াল বিশ্বাস, অধ্যাপক তুলসী কুমার দাস, ড. হাসানুজ্জামান, ড. জহির বিন আলম, তানমিনা বেগম, তানিয়া বেগম, উদীচির জেলা সভাপতি এ কে শেরাম, এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, মহিলা পরিষদের সভানেত্রী খুশি চৌধুরী, এস রীনা দেবী, নাজমুল হক, রজত কান্তি গুপ্ত, লক্ষ্মীকান্ত সিংহ, গৌরাঙ্গ পাত্র, আব্দুল করিম কিম ও চৌধুরী দেলওয়ার হোসেন জিলন প্রমুখ বক্তব্য রাখেন।
