উত্সবমুখর পরিবেশ

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২৩:০৪
সরেজমিনে নির্বাচনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, গতকাল দিনভর গাজীপুরে ছিল উত্সবমুখর পরিবেশ। বিভিন্ন বয়সের নারী ও পুরুষকে পায়ে হেঁটে, রিকশায় চড়ে, এলাকা ভেদে দল বেঁধে ভোট কেন্দ্রে যেতে দেখা যায়। ভোট কেন্দ্রে সকালে ও বিকালে ভোটারদের দীর্ঘ লাইন সকলের দৃষ্টি কাড়ে। অনেকে নতুন কাপড় পরে গেছেন ভোট দিতে। ৩৯২টি ভোট কেন্দ্রের মধ্যে কয়েকটি কেন্দ্রে ছোট খাট বিচ্ছিন্ন ঘটনা থাকলেও নির্বাচনের পরিবেশ ছিল শান্ত ও উত্সবমুখর। মহানগরীর সালনা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা, টেক নগ পাড়া, কৃষি গবেষণা উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, ভাদুন, চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মাড়িয়ালী সরকারি প্রাথমিক, কাজী আজিম উদ্দিন কলেজ, রাণী বিলাস মণি উচ্চ বিদ্যালয়, কোনাবাড়ির আমানুল্লা সরকার একাডেমি, বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাদুন উচ্চবিদ্যালয়, লতিফপুর সরকারি প্রাথিমক বিদ্যালয়, জরুণ মাদ্রাসা, চান্দনা উচ্চ বিদ্যালয়, শহীদ একাডেমি, গাছা উচ্চ বিদ্যালয়, গাজীপুর মহিলা কলেজ, মেঘডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রভৃতি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে। বিকালে গাজীপুরের যোগীতলা এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা এক এক করে ভোট দিয়ে বেরিয়ে আসছেন। একটি ভোটকক্ষের ভেতরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খানের পোলিং এজেন্ট ওমর ফারুক এবং বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নানের পোলিং এজেন্ট আবুল কাশেম পাশাপাশি বসে ছিলেন। নির্বাচন কেমন হচ্ছে জানতে চাইলে দু’জনেই জানালেন, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে।