শ্রীপুরে খুনিদের হুমকি অব্যাহত আতংকে নিহতের পরিবার

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২৩:০৪
গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর মাদরাসা ছাত্র হত্যার ১৫ দিন অতিবাহিত হলেও এখনও হত্যার রহস্য উন্মোচিত হয়নি। হত্যাকারী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতার ভাতিজা হওয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেফতার করছে না বলে পরিবারের অভিযোগ। খুনিদের অব্যাহত হুমকিতে চরম আতংকে রয়েছে নিহতের পরিবার। নিহতের পিতা হাজী একরামুল হক জানান, গত ২৮ জুন ভাংনাহাটি কামিল মাদরাসার ১০ম শ্রেণীর ছাত্র হাফেজ আতিকুল ইসলাম নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ির পাশের ডোবাতে তার লাশ দেখে পুলিশে খবর দেয়। নিহতের মা ঝর্না বেগম জানান, আতিকুল এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তাই মাদকা ব্যবসায়ী সোহাগের নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোহাগ ও তার সহযোগীদের আসামি করে শ্রীপুর থানায় মামলা হয়েছে। সোহাগ উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ভাতিজা হওয়ায় পুলিশ ঘটনা তদন্ত না করে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়। এদিকে হত্যাকারী ও তার সহযোগীরা মামলা তুলে নিতে অব্যাহত হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে পরিবারের অন্য সদস্যকেও অপহরণ করে হত্যা করা হবে বলে প্রতিনিয়ত হুমকি প্রদর্শন করায় চরম নিরাপত্তাহীনতায় নিহতের পরিবার।