ঋণের উচ্চ সুদ বিনিয়োগে বাধা

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২৩:০৭
বিনিয়োগে ব্যাংক ঋণের উচ্চ সুদ বড় বাধা বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, শুরুতেই ২০ শতাংশের নিচে কেউ মুনাফা চিন্তা করে না। ফলে সুদের হার বেড়ে যায়। তাদের অতিরিক্ত টাকা বানানোর আকাঙ্খা কমাতে হবে। এর বিরুদ্ধে মনস্তাত্বিক প্রতিবাদ আসতে হবে। গতকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় উদ্যোক্তা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। টিম ইঞ্জিন নামে একটি প্রতিষ্ঠান এ সম্মেলনের আয়োজন করে। অবশ্য অর্থমন্ত্রীর এ বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন এক্সিম ব্যাংকের অডিট বোর্ডের চেয়ারম্যান নুরুল ফজল বুলবুল। তিনি বলেন, সরকার সঞ্চয়পত্রে ১২ শতাংশে আমানত গ্রহণ করছে। আমরা এর চেয়ে কম নিতে পারি না। ফলে ঋণের সুদের হারও বেড়ে যায়। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে নতুন উদ্যোক্তাদের বেশকিছু বাধা উল্লেখ করেন। অবকাঠামো উন্নয়ন, ঋণ প্রাপ্তি সহজ করা, কর কাঠামোর ধারাবাহিকতা রক্ষা করাসহ ১০টি দাবি উত্থাপন করেন। বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রোগ্রাম কার্যকর করা যায়নি স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, এ বছর তিনটি অর্থনৈতিক অঞ্চল গঠনের কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করি। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কর কমিশনার ফজলুল হক আরিফ। এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. মুজিবুর রহমান, ঢাকা চেম্বারের সহসভাপতি নেসার মাকসুদ খান ও টিম ইঞ্জিনের ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরি হিমিকা প্রমুখ। দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয় গত শুক্রবার। সম্মেলনে সফল উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, উদ্যোক্তা হওয়ার প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়, পুঁজি সংগ্রহ ও ব্যবস্থাপনা, নেটওয়ার্কিং, ব্যবসা পরিকল্পনা ও বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে সেমিনার, মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়।