চট্টগ্রামে বিএনপি নেতা নোমানের সামনে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২৩:০৮
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সামনে সমাবেশে মঞ্চে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকালে নগরীর ডবলমুরিং থানাধীন সরাইপাড়া ডায়মন্ড টাচ সেন্টারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে স্থানীয় বিএনপির উদ্যোগে এই সমাবেশ চলছিল। সমাবেশের প্রধান অতিথি আবদল্লাহ আল নোমান সংঘর্ষের পর সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সমাবেশস্থল ত্যাগ করেন। সমাবেশে স্টেজে বসা নিয়ে কথা কাটাকাটির পর ছাত্রদলের স্থানীয় দুই নেতা জালালউদ্দিন ও গুড্ডুর অনুসারীরা পরস্পরের দিকে চেয়ার ছুঁড়ে মারেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা স্বীকার করে আবদুল্লাহ আল নোমান ইত্তেফাককে বলেন, অনুষ্ঠানস্থলে বসার স্টেজটা ছিল ছোট। সেখানে বড়জোর ৫জন বসতে পারে। কিন্তু অনেকেই সেখানে উঠতে চাওয়ায় স্থানীয় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।