প্রজন্ম সংবাদ

সাভান্নার গার্লস পেজ ফ্যাশন

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২০:০৭
ফ্যাশন ম্যাগাজিন ইন্ডাস্ট্রি অনেক বড় একটি ক্ষেত্র। এর মাঝে হঠাত্ করে আসা ‘গার্লস পেজ ফ্যাশন’ নামের ম্যাগাজিনটা এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে সেটা কেউ কল্পনাই করতে পারেনি। এই ম্যাগাজিনের প্রথম সংস্করণ বুকস্টোর সেলভ নিয়ে আসে আমেরিকান বাজারে। এ ম্যাগাজিন সম্পর্কে আরও মজার একটা তথ্য হলো, এই ম্যাগাজিনের সৃষ্টির পেছনে রয়েছেন যিনি, তিনি কোনো সাংবাদিক নন, কিংবা পাবলিশিংয়ের উপর তার কোনো ডিগ্রিও করা নেই। মার্কেটিং সম্পর্কে বলতে গেলে কিছুই বোঝেন না তিনি। তার শুধু আছে ফ্যাশন জগতটাকে ঘিরে তীব্র একটা আগ্রহ। আর এই ভালোবাসা থেকেই ফ্যাশন জগতে এক অন্যরকম ম্যাগাজিনের জন্ম দিয়েছে সাভান্না ব্রিত নামের ১৪ বছর বয়সী ছোট্ট আমেরিকান এই মেয়েটি। যে সময় তার বয়সী সব মেয়েরা বাবা-মায়ের সাথে ঝগড়া করা, ছেলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ও ‘লাইফ এনজয়’ করতে ব্যস্ত, ঠিক সেই সময়টাতেই এই ছোট্ট মেয়েটি তার ফ্যাশন ম্যাগাজিন নিয়ে দিনরাত ব্যস্ত ছিল। বলা যায় তার নিজের একটা জগত্ গড়ে নিচ্ছিল। তার এই মনোভাব একবারে হঠাত্ করে গড়ে ওঠেনি। বেশ কয়েক বছরের ফসল তা। তার বয়স যখন মাত্র ৮, তখন থেকেই তিনি এই কাজে মনোযোগ দেন। সাভান্না ব্রিতের জন্ম নিউ জার্সির ভোর্সি শহরে। বর্তমানে তিনি গার্লপেজ ফ্যাশন ম্যাগাজিনের চিফ এডিটর। এই ম্যাগাজিনের কেবল ৫ম সংস্করণ বের করা হয়েছে। এরই মধ্যে যা হয়ে ওঠেছে তুমুল জনপ্রিয়। তার ভবিষ্যত্ পরিকল্পনা হলো, তিনি কলেজে যাবেন এবং পাবলিক রিলেশনের উপর পড়াশোনা করবেন। সেই সাথে ম্যাগাজিনের কাজ চালিয়ে যাবেন। ২০১০ সালে ‘গার্লস পেজ ফ্যাশন’ ম্যাগাজিনের ঝুলিতে এসেছে আরও সাফল্য। এই ম্যাগাজিনের কথা ইউটিউবেও প্রচার পেয়েছে। উল্লেখ্য, এই ম্যাগাজিনটি শুধুমাত্র ফ্যাশন সংবাদই নয়, বিশ্বের বড় বড় সেলিব্রেটিদের ইন্টারভিউসহ আরও অনেক খবরই এতে রাখা হয়।