মৌলভীবাজারে ব্রিটিশ তরুণী সেহলিনা তিলাত ইউনা (২৪) হত্যার ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা করেন নিহতের ভাই মুহিবুর নূর রুম্মান।
পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন গাড়ি চালক সৈয়দ নিয়াজ আহমদ রাজুকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন ব্যতীত কোন কিনারা করতে পারেনি। তদন্তকারী কর্মকর্তা বলেন, নিহত উইনার ছেলে বন্ধুদের তালিকা তৈরি করা হয়েছে। আশা করা যায় অচিরেই প্রকৃত খুনীদের গ্রেফতার করা যাবে।
জানা যায়, ২০১০ সালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নগর (ঢাকা দক্ষিণ) গ্রামের মৃত কলা মাস্টারের ছেলে যুক্তরাজ্য প্রবাসী জামিলুর রশিদের সাথে বিয়ে হয় উইনার। উইনা গত ২৭ মে স্বামীকে রেখে দেশের বাড়ি আসে। সে কখনো বাবার বাড়ি কখনো নানার বাড়ি থাকতো।
সর্বশেষ গত শনিবার কাউকে কিছু না বলেই নিজের প্রাইভেটে বাড়ি থেকে বের হয় উইনা। শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি প্রাইভেট কারের মধ্যে তরুণীর লাশ দেখে স্থানীয় ইউপি সদস্য সামছুল ইসলামকে খবর দেয় গোমড়া এলাকার এক মহিলা। ইউপি সদস্যের কাছ থেকে খবর পেয়ে উইনার লাশ, গাড়ি, ভ্যানিটিব্যাগ, চেকবই, নগদ ১২শ’ ৫০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ওসি আজিজুর রহমান জানান, নিহত যুবতীর পরিবারের পক্ষে মামলা নেয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার নূরুল ইসলাম জানান, এ ঘটনার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। অচিরেই মূল হোতারা ধরা পড়বে।
