স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে আসিয়ানভুক্ত দেশসমূহের মধ্যে পারস্পরিক সংসদীয় সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।
বাংলাদেশে নিযুক্ত আসিয়ানভুক্ত দেশগুলোর হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের একটি প্রতিনিধি দল রবিবার স্পিকারের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করলে তিনি বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে আসিয়ানভুক্ত দেশগুলোর মানুষের আর্থ-সামাজিক ক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর এর মাধ্যমে বাংলাদেশের সাথে অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। সাক্ষাত্কালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের চমত্কার সম্পর্কের কথা স্পিকার বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, আসিয়ানভুক্ত অনেক দেশের সঙ্গে বাংলাদেশের সংসদীয় মৈত্রী গ্রুপ রয়েছে এবং এ মৈত্রী গ্রুপের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সংসদীয় সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে। এ সময় তিনি বাংলাদেশ জাতীয় সংসদের কমিটি ব্যবস্থা, কমিটি কার্যক্রম এবং সংবিধানের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে আলোকপাত করেন।
আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সামাজিক-সাংস্কৃতিক যোগাযোগের কথা উল্লেখ করে স্পিকার বলেন, ভবিষ্যতে আশিয়ানভুক্ত দেশগুলোর মানুষের সাথে বাংলাদেশের মানুষের এ সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।
আলোচনাকালে তারা বলেন, আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে এবং ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগসহ সকল ক্ষেত্রে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো সম্প্রসারিত হবে।
প্রতিনিধি দলের সদস্যগণ হলেন- ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী আবদুল রাজ্জাক বিন হাজী মো. হোসাইনি, থাই রাষ্ট্রদূত মিজ মাধুরাপচানা ইত্তারং, মিয়ানমার রাষ্ট্রদূত মাও মিয়েন্ত থান, মালয়েশিয়ার ডেপুটি চিফ অব মিশন আহমেদ ফিকরি বিন জাকিয়ান, ভিয়েতনামের রাষ্ট্রদূত নিগুইন কুয়েং থুক, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আইওয়ান উইরেনেটা আটমাডজা, সিঙ্গাপুর হাইকমিশনের এটাচি মোহাম্মদ সালেম ও ফিলিপাইন দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স মোহাঃ নূরদিন লমনডট।
