‘এমভি হোপ’-এর জীবিত ৯ নাবিক আজ দেশে ফিরছেন

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২২:৪৭
আন্দামান সাগরে ডুবে যাওয়া এমভি হোপ জাহাজের উদ্ধারপ্রাপ্ত ৯ নাবিককে আজ সোমবার দেশে ফিরিয়ে আনা হবে। এদের মধ্যে ৫ জনকে নিয়ে একটি জাহাজ আজ সোমবার চট্টগ্রাম আসবে। অন্য ৪ জন আসবেন বিমানে। জাহাজ মালিকদের সংগঠন পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদির গতকাল শনিবার বিকালে ইত্তেফাককে এ তথ্য জানান; কিন্তু গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমভি হোপের উদ্ধারপ্রাপ্ত নাবিকদের মধ্যে পাঁচজন আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে ফিরবেন। গত বৃহস্পতিবার আন্দামান সাগরে দুর্ঘটনার পর এ ৫ জনকে উদ্ধার করে লাইবেরিয়ার পণ্যবাহী জাহাজ বাক্সমুন। ওই জাহাজে করেই তারা দেশে ফিরছেন। এরা হলেন- ডেক ক্যাডেট মো. মোখলেসুর রহমান, চতুর্থ ইঞ্জিনিয়ার মো. আবদুল হাকিম, ডেক ফিটার মো. রুবেল, অয়েলার মো. ওসমান এবং জিএস সাইফুল ইসলাম। এছাড়া জীবিত অবস্থায় উদ্ধারপ্রাপ্ত বাকি চারজন বর্তমানে থাইল্যান্ডের ফুকেটে ভাচিরা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এরা হলেন- দ্বিতীয় অফিসার মো. মোবারক হোসেন, ডেক ক্যাডেট রায়েক ফাইরুজ, ইঞ্জিন ক্যাডেট মুশফিকুর রহমান এবং অয়েলার আবু বকর সিদ্দিকী। এছাড়া মৃত অবস্থায় উদ্ধারকৃত এমভি হোপের চিফ অফিসার মো. মাহবুব মোরশেদ এবং চিফ ইঞ্জিনিয়ার কাজী সাইফুদ্দিনের মৃতদেহ স্বল্পতম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যাংককে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারা সংশ্লিষ্ট সব মহলের সাথে একযোগে কাজ করে যাচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়। নিখোঁজ অন্য নাবিকদের সন্ধানে থাই কর্তৃপক্ষ প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর কাজী রাসেল পারভেজের সাথে +৬৬৮১ ৬৬০৬২২৮ টেলিফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।