একশ্রেণীর টাউট আদালত কলুষিত করার চেষ্টা করছে :আইন প্রতিমন্ত্রী

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২২:৪৮
আইন প্রতিমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম এমপি বলেছেন, এক শ্রেণির টাউট আদালতকে কলুষিত করার চেষ্টা করছে। ফলে আদালতের প্রতি মানুষের মনে বিরূপ ধারণার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, বিচারক, আইনজীবী সকলে মিলে এসব টাউটদের বিতাড়িত করলে আদালতের প্রতি মানুষের বিরূপ ধারণা দূর হবে। গতকাল রবিবার ঢাকায় বিদ্যুত্ ভবনের বিজয় হলে ইউএনডিপি এবং ইউকেএইড-এর সহযোগিতায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি’ প্রকল্প আয়োজিত ‘মামলা ব্যবস্থাপনা কমিটি গঠন ও সক্রিয়করণ’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আইন ও বিচার বিভাগের সচিব এএসএসএম জহিরুল হকের সভাপতিত্বে কর্মশালায় আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব সৈয়দ আমিনুল ইসলাম এবং জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি প্রকল্পের আইসিটি ম্যানেজার মো. রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। আইন প্রতিমন্ত্রী বলেন, নিম্ন আদালতের বিচারক ও আইনজীবীরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করছেন। এজন্য বিচারপ্রার্থীরা এখনো নিম্ন আদালত থেকে সেবা ও ন্যায়বিচার পাচ্ছে।