বাসে পুলিশ পাস আছে স্টুডেন্ট পাস নেই কেন?

আপডেট : ১২ মে ২০১৯, ২১:৫৭

ঢাকা শহরে স্কুল-কলেজে যেতে ছাত্রছাত্রীদের বিভিন্ন রুটের বাসের ওপর নির্ভর করতে হয়। তাছাড়া অনেক সড়কে রিকশা চলাচল করে না। আবার রিকশার ভাড়া দিয়ে যাতায়াত করার সাধ্য অনেক শিক্ষার্থীর নেই। এরশাদ সরকারের আমলে শিক্ষার্থীদের জন্য প্রতিটি বাসে হাফ ভাড়ার সিস্টেম চালু ছিল। পরবর্তী সময়ে অনেক বাসে সেই সিস্টেম চালু থাকলেও কিছু কিছু সিটিং সার্ভিস বাস তা মানছে না। বিভিন্ন স্থানের চেকার বাসে উঠে জানতে চায় পুলিশ পাস আছে কি না।  শিক্ষার্থীদের জন্য কোনো হাফ ভাড়ার সিস্টেম নেই। বিশেষ করে মিডওয়ে, রজনীগন্ধা, লাব্বাইক, অগ্রদূত, তেঁতুলিয়া, ভুঁইয়া এবং বৈশাখী পরিবহনের বাসগুলোর চেকাররা বিভিন্ন স্পটে বাসে উঠে শুধু জানতে চায় পুলিশ পাস আছে কি না। শিক্ষার্থীরা হাফ ভাড়ার কথা বললে চেকাররা জানায় তাদের বাসে কোনো স্টুডেন্ট পাস নেই। পুলিশ চাকরিজীবী হয়েও বাসে পাস পান, আর দুঃখজনক হলেও সত্য যে, শিক্ষার্থীদের জন্য কোনো হাফ ভাড়ার সিস্টেম নেই! বিষয়টির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।   

সোয়েব মেজবাহউদ্দিন

আদাবর, ঢাকা