ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২২:৪৮
রাজধানীর খিলাগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মাহবুব হোসেন চৌধুরী (১৫) নামের এক স্কুল ছাত্র মারা গেছে। সে খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। গতকাল রবিবার সকাল ১০টার দিকে খিলাগাঁওয়ের খিদমাহ হাসপাতালের উল্টো দিকে গুলবাগ এলাকার রেল লাইনে এই ঘটনা ঘটে। মাহবুবের বাবার নাম মোতাহার চৌধুরী। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে মাহবুব সবার ছোট। বাসা খিলগাঁও তিলপাপাড়ার ৬ নম্বর রোডের ২৫১/১ নম্বরে। জানা যায়, মাহবুব সকাল নয়টার দিকে স্কুলে যায়। তবে তার পরনে স্কুলের পোশাক ছিল না। কিছুক্ষণ পর সে স্কুল থেকে বেরিয়ে যায়। এর পরই স্কুলের পাশে রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ জানান, মাহবুবের প্যান্টের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা, ‘আমার নাম মাহবুব হোসেন চৌধুরী। আমার চারপাশের কেউ আমার মৃত্যুর জন্য দায়ী না। আমি সুস্থ মস্তিষ্কে আত্মহত্যা করেছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, কেউ দায়ী না।’ মাহবুবের পরিবারের লোকজন জানিয়েছেন, পুলিশের কাছ থেকে তারা ঐ চিরকুটটি দেখেছেন। তাতে যে লেখা তা মাহবুবের হাতের লেখা না। তবে এই ঘটনার জন্য তারা কাউকে সন্দেহ করছেন না। হাসপাতাল সূত্রে জানা গেছে, মাহবুবকে রক্তাক্ত অবস্থায় তার সহপাঠীরা হাসপাতালে এনে রেখে চলে যায়। এতে পুলিশের সন্দেহের সৃষ্টি হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ।