দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন নয়

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২৩:২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আগামীতে আরও ১শ’ স্থানীয় নির্বাচন এবং ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জিতলেও আমরা দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনে যাব না। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাব চত্ব্বরে আয়োজিত ”দিগন্ত টিভি সমপ্রচার সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি ও সংহতি সমাবেশ”-এ তিনি এ কথা বলেন। মওদুদ আহমদ বলেন, এই নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীকে জয়ী করতে সরকার সব রকমের অপচেষ্টা চালিয়েছিল, কিন্তু জনগণের শক্তির কাছে তারা সফল হতে পারেনি। মওদুদ আহমদ বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন এক নয়। এই দুইয়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। স্থানীয় নির্বাচনেই তারা জনরায় থেকে প্রত্যাখ্যাত হয়েছে, জাতীয় নির্বাচনে তারা আরও প্রত্যাখ্যাত হবে। তিনি বলেন, জনগণ এই সরকারকে এখন আর বিশ্বাস করে না। এরই প্রতিফলন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন। এই সরকার আমলে যেসব ঘটনা ঘটেছে তা জনগণ চায় না। তাই সুযোগ পেয়ে জনগণও তাদের রায় দিয়ে দিয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নাস্তিকদের পক্ষ নেয়া এবং আলেম হত্যার প্রতিবাদ হিসেবে ব্যালটের মাধ্যমে জনগণ জবাব দিয়েছে। তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচনে জেতার জন্য সরকার মরিয়া হয়ে প্রশাসনের সকল যন্ত্র ব্যবহার করেছিল, জাতীয় রাজস্ব বোর্ডকে দিয়ে ষড়যন্ত্র করেছিল। কিন্তু তাদের কোনো ষড়যন্ত্র কাজে আসেনি। দিগন্ত টিভির নির্বাহী পরিচালক মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমীন গাজী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।