শিবগঞ্জ করতোয়া নদীর ওপর সেতু না থাকায় জনদুর্ভোগ

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ১৯:০৫
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার অর্জুনপুর মহল্লার কাছে করতোয়া নদীর ওপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের । অর্জুনপুর গ্রাম থেকে মাত্র আধা কিলোমিটারের পথ উপজেলা সদর। অথচ করতোয়া নদীর ওপর একটি সেতুর অভাবে এই সামান্য পথ যেতে মানুষকে ৩ কিলোমিটার ঘুরে আসতে হয়। শুধু এ গ্রামই নয়, আশেপাশের আরও আট গ্রামের প্রায় ২০ হাজার মানুষ সেতুটি নির্মাণ না হওয়ার কারণে দুর্ভোগের মধ্যে বসবাস করছেন। বিশেষকরে এসব গ্রামের পাঁচ শতাধিক শিক্ষার্থী তাদের লেখাপড়া নিয়ে কঠিন সমস্যার মধ্যে পড়েছে। এলাকাবাসী জানান, পাকিস্তান আমল থেকেই করতোয়া নদীর ওপর সেতু নির্মাণের দাবি উঠেছিল। দেশ স্বাধীন হওয়ার পর যতবারই নির্বাচন এসেছে প্রার্থীরা সেতু করে দেয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু পরে আর প্রতিশ্রুতি রক্ষা করেননি কেউ। করতোয়া নদীর ওপর একটি সেতু নির্মাণ করার জন্য এলাকাবাসী এমন কেউ নেই যাঁর কাছে আবেদন করেননি। তবে বারবারই তাঁরা প্রহসনের শিকার হয়েছেন। সকলেই ‘এই হবে, হচ্ছে’ ধরনের আশ্বাস দিয়ে বিদায় করেছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশ কয়েকবার এলাকা পরিদর্শনও করেছিলেন। এসব দেখে এলাকার মানুষ আশা করেছিলেন শিগগিরই সেতু নির্মাণ করা হবে। কিন্তু আজও সেতুটি না হওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন। অর্জুনপুর মহল্লার শেখ রাসেল (৪৫) বলেন, ‘এডা পুল যে হামাকেরে কতখানি দরকার তা বল্যা বুঝানো যাবি না। হামাকেরে একন এডাই চাওয়া— পুল দ্যান। এরপর যত কষ্টত থাকি আর কুনো দাবি জানামো না।’ সংসদ সদস্য এ কে এম হাফিজুর রহমান জানান, অর্জুনপুর মহল্লার কাছে করতোয়া নদীর ওপর সেতুটি নির্মাণ হলে শিবগঞ্জ সদরের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হবে। তিনি সেতু নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করছেন অচিরেই কাজ শুরু হবে।