ঝালকাঠির রাজাপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, পুলিশ সদস্যদের আহত ও থানা ভাংচুরের ঘটনায় পুলিশের দায়ের করা দুইটি মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ৮৪ জনকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। অসুস্থ থাকায় দুই মামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ মৃধাসহ ৪০ জনকে জামিন দেয়া হয়েছে। গতকাল সোমবার ছিল দ্রুত বিচার আইন ও পুলিশের ওপর হামলা মামলার হাজিরার নির্ধারিত তারিখ।
আদালত সূত্র জানায়, গতকাল সোমবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে দুইটি মামলায় বিএনপির ১২৪ জন নেতা-কর্মী হাজির হলে বিচারক মো. শাহীদুল ইসলাম এ আদেশ দেন। এতে দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সহ- সভাপতি জাহিদুল ইসলাম, যুবদল সভাপতি নাসিম উদ্দিন আকনসহ চার্জশিটভুক্ত ৫৫ জন আসামির মধ্যে ৫২ জনকে এবং পুলিশের উপর হামলা মামলায় এরাসহ ৩২ জনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক।
