চাঁদাবাজের হামলায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২১:৪৭
মিরপুরে একটি গার্মেন্টের পরিচালনা পর্ষদের এক সদস্য সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছেন। পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর ২ নম্বর কাঁচাবাজার সংলগ্ন সিরাজগঞ্জ ফ্যাশন লিমিডেটের মালিকের ছোট ভাই ও পরিচালক ফজলুর রহমান বাবুকে গুলি করে পালিয়ে যায় এক সন্ত্রাসী। গুলিবিদ্ধ বাবুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। তার পেটে ও ডান হাঁটুতে গুলি লেগেছে বলে জানিয়েছেন মিরপুর থানার ওসি। সিরাজগঞ্জ ফ্যাশন লিমিডেটের ফ্যাক্টরি ইনচার্জ ফরিদ হোসেন অভিযোগ করেন, সাড়ে ৯টার দিকে ফারুক হোসেন নামে এক ঝুট ব্যবসায়ী ওই গার্মেন্টে আসেন। এ সময় মাহাদী নামে স্থানীয় এক সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ফজলুর গার্মেন্টের ওপর থেকে নেমে আসেন এবং মাহাদীর পরিচয় জানতে চান। মাহাদী এক পর্যায়ে তাকে গুলি করে পালিয়ে যায়। মিরপুর থানার ওসি জানান, মাহাদী এলাকার ‘চিহ্নিত’ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করার চেষ্টা করছে বলেও জানান তিনি।