পবিত্র মাহে রমজানের পর ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এর নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, পাঁচ সিটি নির্বাচনের মতোই জনগণ ঢাকা সিটি নির্বাচনেও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে।
জাতীয় প্রেসক্লাবে নির্দলীয় সরকারের পক্ষে জনতার রায় বনাম সরকারের অপপ্রচার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন এ কথা বলেন। তিনি বলেন, আগামীতে ক্ষমতা হস্তান্তরে যদি কোনো ধরনের নৈরাজ সৃষ্টি হয় তাহলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। তিনি বলেন, সিটি নির্বাচনে ১৮ দলীয় জোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যে কারণে গণজোয়ারের কাছে সরকারের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহদাত্ হোসেন সেলিম, জাতীয় নাগরিক সংসদের সভানেত্রী খালেদা ইয়াসমিন, বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান প্রমুখ।
