বাগেরহাটে ২৬৪ জনকে বৃত্তি দিয়েছে জেলা পরিষদ

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:১৩
মাধ্যমিক, দাখিল, উচ্চ মাধ্যমিক ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ বাগেরহাট জেলার দুইশ ৬৪ জন জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদ বৃত্তি প্রদান করা হয়েছে। জেলা পরিষদ নিজস্ব তহবিল থেকে প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন দুই হাজার পাঁচশত টাকা বৃত্তি দিয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ ডা. মোজাম্মেল হোসেন রবিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির অর্থ তুলে দেন। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহ আলম সরদার, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা, মংলা উপজেলা চেয়ারম্যান মো. ইদ্রিস আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন প্রমুখ।