টার্ম ফাইনাল পরীক্ষার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুলের অনশনরত শিক্ষার্থীদের কয়েকজন গতকাল সোমবার অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে আটজনকে স্যালাইন দেয়া হয়েছে। রবিবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে জীববিজ্ঞান স্কুলের ৭টি ডিসিপি¬নের বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী এ অনশন শুরু করেন। গতকাল সোমবার দুপুরে অনশনরত শিক্ষার্থীদের পক্ষে এক প্রেস ব্রিফিংয়ে ইমরান হোসেন বলেন, দুইদিন অনশনের ফলে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে অনেকে অসুস্থ হয়েছেন। অথচ কর্তৃপক্ষ তাদের ন্যায় সংগত দাবি মেনে নিচ্ছে না। তিনি দ্রুত পরীক্ষার তারিখ ঘোষণার জন্য খুবির প্রশাসন, শিক্ষামন্ত্রী, ইউজিসিসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরীক্ষার নির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয়া হয়। জীববিজ্ঞান স্কুলের ডিন নিয়োগকে কেন্দ্র করে স্কুলের ডিসিপি¬ন প্রধান ও শিক্ষকদের একাংশ শিক্ষা কার্যক্রমে সহযোগিতা না করায় ২৩ জুন টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে উচ্চ আদালতের রুল এবং সর্বশেষ ডিন নিয়োগের বৈধতা চ্যালেঞ্জের ফলে বিষয়টি এখন আদালতের উপরও নির্ভরশীল হয়ে পড়েছে। এ অবস্থায় সেশনজটে পড়তে যাচ্ছে শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান রবিবার সন্ধ্যায় অনশনরত শিক্ষার্থীদের দেখতে যান এবং তাদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের প্রতি অনশন ভঙ্গ করার আহ্বান জানান এবং সংকট নিরসনে শিক্ষার্থীদের কাছে এক সপ্তাহ সময় চান। কিন্তু ভিসির আহ্বানে তারা সাড়া দেয়নি।
