দ্বিতীয় ঢাকা আর্ট সামিট শুরু ৭ ফেব্রুয়ারি

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:৪২
বাংলাদেশের শিল্পকর্মকে বিশ্ববাজারে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে গত বছর ১২ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয় প্রথম ঢাকা আর্ট সামিট। চারদিনের ওই সামিটের সফল সমাপ্তির পর এবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। আগামী ৭ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হবে তিনদিনের ঢাকা আর্ট সামিট। এবারও দেশ-বিদেশের প্রায় আড়াই শতাধিক নবীন-প্রবীণ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে। থাকছে ১২টি একক প্রদর্শনী। পাশাপাশি থাকছে বাংলাদেশের বেশ কয়েকটি স্বনামধন্য আর্ট গ্যালারির অংশগ্রহণ। থাকছে ছয়টি কিউরেটেড প্রদর্শনী, আন্তর্জাতিক সেমিনার, এক্সপেরিমেন্টাল ফিল্ম প্রদর্শনী ও বিভিন্ন শিল্পীর শিল্পভাবনার ওপর প্রদর্শনী। আরও রয়েছে সামদানী আর্ট অ্যাওয়ার্ড হিসেবে একটি আন্তর্জাতিক রেসিডেন্সি প্রোগ্রাম। সামদানী আর্ট ফাউন্ডেশন এবং ডেলফিনা ফাউন্ডেশন যৌথভাবে এই অ্যাওয়ার্ড ঘোষণা করবেন। সামিটের মূল আয়োজক সামদানী আর্ট ফান্ডেশন হলেও সর্বাত্মক সহযোগিতা দেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। মঙ্গলবার শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হয়। এ সময় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা আর্ট সামিটের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাদিয়া সামদানী, প্রতিষ্ঠাতা রাজীব সামদানী, সামিটের তিন কিউরেটর মুনিরুজ্জামান, মাহবুবুর রহমান ও শেহজাদ চৌধুরী। সংবাদ সম্মেলনে জানান হয়, সামিটে এবার একজন শিল্পীকে আন্তর্জাতিক মানের একটি অ্যাওয়ার্ড দেয়া হবে।