কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল সোমবার দুপুরে র্যাব পরিচয়ে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের সময় পুলিশ ধাওয়া করে স্থানীয় জনতার সহায়তায় ছয় ছিনতাইকারীসহ একটি মাইক্রোবাস আটক করেছে। এ সময় ছিনতাইকারীদের গণপিটুনি দেয় জনতা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্র জানায়, নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জের তাজু মেম্বারের ছেলে সাহাব উদ্দিন ও তার চাচা সেলিম মিয়া চৌদ্দগ্রাম থেকে টাকা নিয়ে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম এলাকায় র্যাবের পোশাকধারী ছয় ছিনতাইকারী তাদের থামিয়ে টাকাসহ মাইক্রোবাসে তুলে ফেনীর দিকে রওয়ানা দেয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অন্য একটি মাইক্রোবাসে ছিনতাইকারীদের ধাওয়া শুরু করলে ছিনতাইকারীরা তাদের মাইক্রোবাসটি কুমিল্লার দিকে ঘুরিয়ে নেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা মহাসড়ক থেকে লাকসাম রোড দিয়ে গ্রাম্য সড়কে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যে ছিনতাইকারীদের মাইক্রোবাস ও ধাওয়াকারী পুলিশ দলটি নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজার পৌঁছলে পুলিশ ‘ডাকাত ডাকাত’ বলে চিত্কার দিলে স্থানীয় জনতা ছয় ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
