আজহারুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:৪৮
জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী নয় ধরনের অপরাধের মোট ছয়টি অভিযোগ এনেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল সোমবার ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান একথা জানান। এ সময় এটিএম আজহারের মামলার তদন্ত কর্মকর্তা এস এম ইদ্রিস আলী ও রাষ্ট্রপক্ষের কয়েকজন কৌঁসুলি উপস্থিত ছিলেন। এটিএম আজহারুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন গতকাল রাষ্ট্রপক্ষের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। তার বিরুদ্ধে গণহত্যা, হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগসহ নয় ধরনের অপরাধের ৬টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে সুুপারিয়র রেসপন্সিবিলিটির বিষয়টি রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে রংপুর অঞ্চলে ১২২৫ ব্যক্তিকে গণহত্যা, ৪ জনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক ও ১৩ জনকে নির্যাতন করা এবং শত শত বাড়িঘরে অগ্নিসংযোগের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, রংপুরের কারমাইকেল কলেজের একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের ছাত্র থাকাকালে এটিএম আজহার জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের রংপুর শাখার সভাপতি ও ওই জেলার আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন। পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র ও তা বাস্তবায়নে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে জানা গেছে। আগামী ১৫ জুলাই আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিলের জন্য তারিখ ধার্য রয়েছে। গত ৩০ জুন বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের প্রতি এ নির্দেশ দেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় ট্রাইব্যুনালের আদেশে রাজধানীর মগবাজারস্থ আজহারের নিজ বাসা থেকে গত বছরের ২২ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এদিকে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিত্সক রথীন্দ্রনাথ কুণ্ডুকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা শেষে মামলার কার্যক্রম আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। অন্যদিকে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আব্দুল আলীমের মামলায় জব্দ তালিকার দুই সাক্ষী জবানবন্দি পেশ করেছেন। জব্দ তালিকার দুই সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে মামলার (আইও) তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণের জন্য আগামী ১১ জুলাই দিন ধার্য করে দিয়েছেন ট্রাইব্যুনাল।