চট্টগ্রামের পটিয়ায় ডাকাতের গুলিতে ইদ্রিস মিয়া (৪৫) নামের এক গ্রামবাসী নিহত হয়েছে। গত রবিবার দিবাগত রাতে উপজেলার মধ্যম হাইদগাঁও মাঝের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ৪০/৪৫ জনের সশস্ত্র ডাকাতদল স্থানীয় অলি সওদাগরের বাড়িতে হানা দিয়ে ১২ ভরি স্বর্ণ, ১২টি মোবাইল ও ১৮ হাজার টাকা লুট করে। এসময় ডাকাত কবলিত পরিবারের সদস্যদের আর্তচিত্কারে স্থানীয় গ্রামবাসীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাতদের প্রতিরোধে এগিয়ে আসে। এসময় ডাকাতদল এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এসময় ডাকাতের ছোঁড়া গুলিতে ইদ্রিস ঘটনাস্থলে প্রাণ হারায়। এছাড়া ইমরান, ইসমাইল ও জাহাঙ্গীর নামের স্থানীয় আরো তিন যুবক গুলিবিদ্ধ হয়।
