চট্টগ্রামে গৃহবধূ খুনের প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

আপডেট : ১২ মে ২০১৯, ২২:৩৯

সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূ বুবলি আক্তার (৩৫) নিহতের ঘটনার প্রধান আসামি শাহ আলম পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এসময় বাকলিয়া থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়। গতকাল রবিবার ভোরে বলিরহাট কর্ণফুলী নদীর পাড় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আবদুর রউফ বলেন, বুবলি আক্তারের ভাই রুবেলের সঙ্গে শাহ আলমসহ কয়েকজনের পূর্ব শত্রুতা ছিল। শনিবার গভীর রাতে শাহ আলম দলবল নিয়ে রুবেলকে মারতে আসে। তখন তারা রুবেলকে না পেয়ে তার বোন বুবলি আক্তারকে গুলি করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে বুবলি মারা যায়। এই ঘটনায় পুলিশ নুরুল আলম ও মো. নবী নামে দুইজনকে গ্রেফতার করে। পরে শাহ আলমকে গ্রেফতারে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে শাহ আলম ও তার সহযোগীরা। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থলে শাহ আলমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।