অবৈধ হারবাল মেডিসিন সেন্টারে অভিযান

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২১:৩৫
তেজগাঁও থানাধীন কাওরানবাজার ও ফার্মগেট এলাকার অবৈধ হারবাল মেডিসিন সেন্টারে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। সোমবার র্যাব-২ এর সিনিয়র এএসপি মো. বশির আহমেদ ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত আটজনের প্রত্যেককে একবছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫ জনকে মোট সাত লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের জেল প্রদান এবং তাদের ৭টি দোকান সিলগালা করেন। সিলগালাকৃত সবক’টি কথিত হারবাল ওষুদের দোকান এবং অপর একটি হোমিও দোকানের মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো- মো. রুহুল আমিন ভুঁইয়া, মো. মোস্তফা কামাল, মো. দিদারুল ইসলাম, বিধান কুমার হালদার, মো. আশিকুর রহমান আশিক, সুব্রত শিকদার, মেহেদী হাসান, মো. ইয়াসিন, হাকিম মোঃ মজিবুল হক, স্বপন দেবনাথ, মো. নুুরুল আনোয়ার, মো. নুরুল আজিম ও সুনীল দেবনাথ। র্যাব-২ এর সিনিয়র এএসপি জানান, ঢাকার বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যক্তি নিজেদের হারবাল চিকিত্সক পরিচয় দিয়ে লাইসেন্স ছাড়াই হারবাল ওষুধের দোকান পরিচালনা করছে। রেজিস্ট্রেশন ও লেবেলবিহীন অবৈধ ক্ষতিকারক হারবাল ওষুধ বিক্রি করে এরা নিরীহ সাধারণ জনগণের সাথে প্রতারণা করে আসছে।