বগুড়ায় কলেজছাত্রী অপহরণের দায়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট : ১২ মে ২০১৯, ২২:৪০

বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হাসান রিপনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবেশী এক কলেজছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি সে। ওই মামলার গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের প্রয়াত গোলাম হোসেনের ছেলে। গতকাল রবিবার শহরের ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ইকবাল হাসান রিপন এক বছর আগে এক কলেজছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় ধুনট থানায় একটি অপহরণ মামলা হয়। সেই মামলায় হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। গতকাল বিকালে শেরপুর পৌর শহরের ধুনটমোড় এলাকায় ঘোরাফেরা করছিল রিপন। এসময় শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

শেরপুর থানা অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, রিপনের বিরুদ্ধে অপহরণ মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।