আজ সেহরীর শেষ সময় :৩-৪৭

আত্মশুদ্ধির মাস শুরু হচ্ছে

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২২:৩৯
খোশ আমদেদ। মোবারক হো পবিত্র মাহে রমজান। রহমত, মাগফিরাত, নাজাত এবং আত্মশুদ্ধি অর্জনের মাস রমজান। আগামীকাল বৃহস্পতিবার থেকে বাংলা-দেশে শুরু হচ্ছে মুসলমানদের বহু প্রতীক্ষিত এ সিয়াম সাধনার মাস। আজ বুধবার থেকে সারাদেশের মসজিদে একযোগে শুরু হবে খতমে তারাবীহর নামাজ। গতকাল মঙ্গলবার বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আজ শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। এদিকে আজ থেকে রোজা শুরু হয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে, ইউরোপ ও আমেরিকায়। গতকাল মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করেছে। কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া সভায় সভাপতিত্ব করেন। ইসলামিক ফাউন্ডেশন জানায়, গতকাল বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার কোন খবর কমিটির নিকট আসেনি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামীকাল থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। অপরদিকে ইসলামিক ফাউন্ডেশন সারাদেশের মসজিদের ইমাম ও খতিবদের প্রতি একই নিয়মে খতমে তারাবীহর নামাজ আদায় করার অনুরোধ জানিয়েছে। আজ থেকে তারাবীহর নামাজে পবিত্র কোরআন শরীফের দেড় পারা করে ছয়দিনে নয় পারা এবং সপ্তম দিন থেকে এক পারা করে ২১ দিনে ২১ পারা পড়া হবে। অর্থাত্ পবিত্র শবে ক্বদরের রাতে কোরআন খতম পূর্ণ হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়, তারাবীহর ২০ রাকাত নামাজ রাসূলুল্লাহ (সা.) এবং সাহাবীরা আমল করেছেন। ইসলামের প্রথম যুগ থেকে উলামা ও ফকীহগণ তা অনুসরণ করে আসছেন। বিশ্বের মুসলমানরা তা পালন করে আসছেন। তারাবীহর নামাজে পবিত্র কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে উচ্চারণ স্পষ্ট হওয়া বাঞ্ছনীয়। এদিকে বেতার, বিটিভিসহ প্রতিটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল রমজান উপলক্ষে প্রতিদিন বিশেষ অনুষ্ঠান প্রচার আজ থেকে শুরু করবে। বিশেষ করে ইফতারের আগে ও সেহেরীর সময় পবিত্র কোরআন তেলাওয়াত, রোজার ফজিলত নিয়ে আলোচনা এবং মোনাজাত প্রচার করা হবে। বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। গতকাল এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্যদিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য আত্মার পরিশুদ্ধির প্রশিক্ষণে নিয়োজিত হয়। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি সুখের বার্তা। সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়। মহান আল্লাহর দরবারে আমি এ প্রার্থনা জানাই। জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ ভ্রাতৃপ্রতিম মুসলিম বিশ্বের সকল মুসলমানদের প্রতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। গতকাল এক শুভেচ্ছা বাণীতে নেতৃবৃন্দ বলেন, রমজান হচ্ছে সিয়াম সাধনা, আত্মশুদ্ধি, সহানুভূতি ও প্রশান্তির মাস। সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট প্রার্থনা করি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি শুভেচ্ছা বাণীতে বলেন, এ মাসের যথাযথ মর্যাদা রক্ষার জন্য সর্বস্তরের মুসলমানকে এগিয়ে আসতে হবে। রমজানের পরিবেশ বজায় রাখার জন্য সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নাগালের ভিতরে রাখতে হবে। গরীব, অসহায় ও মেহনতি মানুষ যেন অর্ধাহারে ও অনাহারে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ মাসে শ্রমিকের শ্রম কমিয়ে দিয়ে পুরো মজুরি প্রদান করা সকলের কর্তব্য। পবিত্র রমজান উপলক্ষে সকলকে মারামারি, হিংসা-বিদ্বেষ ও পরনিন্দা ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে হবে।