আজ জাতীয় মূসক দিবস

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২২:৪০
দেশব্যাপী আজ বুধবার জাতীয় মূল্য সংযোজন কর (মূসক) দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সকাল আটটায় রাজধানীর সেগুনবাগিচার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রাঙ্গণ থেকে মূসক দিবসের শোভাযাত্রা বের করা হবে। এর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বছর মূসক দিবসে দেশের সেরা মূসকদাতাদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠানকে এবং জেলা পর্যায়ে ১২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হবে সেরা মূসক দাতার পুরস্কার। একই সঙ্গে আজ থেকে ১৬ জুলাই পর্যন্ত পালিত হবে মূসক সপ্তাহ। এদিকে মূসক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, সরকারের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নসহ রাজস্ব ও উন্নয়ন ব্যয় মেটাতে প্রতিবছর প্রচুর অর্থের প্রয়োজন। কর এবং কর বহির্ভূত রাজস্ব থেকে সরকার এ বিপুল পরিমাণ অর্থের সংস্থান করে থাকে। প্রধানমন্ত্রী তার বাণীতে মূসক ব্যবস্থার উন্নয়নে সরকারে পাশাপাশি সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। জাতীয় পর্যায়ে ৯ ব্যবসায়ী প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে : সর্বোচ্চ মূসক প্রদানের জন্য জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে সিলেটের কৈলাসটিলা গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, হরিপুর গ্যাস ফিল্ড, ব্যুরোভেরিতার কনজুমার প্রোডাক্টস, ডিএইচএল ওয়ার্ল্ড ওয়াইড, অন মোবাইল গ্লোবাল, কাশেম ড্রাইসেলস, তিয়ানসি (বাংলাদেশ) কোম্পানি ও আড়ং (উত্তরা)। এছাড়া জেলা পর্যায়ে ১২২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হবে পুরস্কার।