সিরিয়ার বিদ্রোহীরাই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল :রাশিয়া

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২১:১৮
সিরিয়া যুদ্ধে বিদ্রোহীরাই বাশার বাহিনীর ওপর রাসায়নিক অস্ত্র সারিন গ্যাস ব্যবহার করেছিল বলে জাতিসংঘের কাছে তথ্যপ্রমাণ সরবরাহ করেছে রাশিয়া। এদিকে সিরিয়ার বিদ্রোহীদের ‘প্রধানমন্ত্রী’ গাসান হিত্তো পদত্যাগ করেছেন। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চারকিন বলেছেন, রাশিয়ান বিশেষজ্ঞরা আলেপ্পোর নিকটবর্তী শহর খান আল আসালে সংঘটিত রাসায়নিক হামলার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করেছে। সেখান থেকে নমুনা সংগ্রহ করে রাশিয়ার ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে এটা সামরিক বাহিনীতে ব্যবহূত হওয়ার মত যথেষ্ট উন্নতমানের কোন গ্যাস নয়। এসব গ্যাস সাধারণত কাপড়ের কারখানায় ব্যবহূত হয়। তাই ধারণা করা হচ্ছে বিদ্রোহীরাই এ গ্যাস ব্যবহার করে হামলা চালিয়েছিল। ঐ হামলায় ২৬ জন নিহত হয় এবং আহত হয় ৮৬ জন। নিহতদের মধ্যে ১৬ জন সামরিক সদস্য ছিলেন। বিদ্রোহীরা অবশ্য এ হামলার জন্য সরকারবাহিনীকে দায়ী করছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার এ দাবিকে প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের বাইরে অন্য কারো রাসায়নিক অস্ত্র ব্যবহার করার সক্ষমতা আছে কী না তা আমরা খতিয়ে দেখব। এদিকে সরকার গঠনে ব্যর্থতার কথা জানিয়ে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিদ্রোহীদের ‘প্রধানমন্ত্রী’ গাসান হিত্তো। নেতৃত্ব নিয়ে সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনে অভ্যন্তরীণ সংঘাত ও রদবদলের কারণে গাসান হিত্তো এ সিদ্ধান্ত নিয়েছেন।