ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্ব মধুগ্রাম চৌধুরী পুকুরপাড়ে গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে রৌদ্র বৃষ্টি জেনারেল স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৮ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। দোকানের মালিক মোঃ নাসিরউদ্দিন মজুমদার বাদী হয়ে সাতজনকে আসামি করে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেছে।
মামলার বিবরণে জানা যায়, নাসিরউদ্দিনের সঙ্গে তার প্রতিবেশী এক ব্যক্তির সাথে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে মঙ্গলবার রাত ১টার সময় ঐ প্রতিবেশীর নেতৃত্বে কিছু লোক মিলে দোকানে আগুন ধরিয়ে দেয়। নাসির বলেন, বিভিন্ন সংস্থা ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। আগুনে ৭৯ হাজার নগদ টাকাসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ইন্সপেক্টর (তদন্ত) মোঃ দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
