প্রশাসন ক্যাডার থেকে সদস্য পদে নিয়োগ নিয়ে এনবিআর উত্তপ্ত

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:১৪
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (বোর্ড প্রশাসন) পদে নিয়োগ দেয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে এনবিআর। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এই নিয়োগ বাতিল করা না হলে পরের দিন ১৬ জুলাই থেকে কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন কর্মকর্তারা। এ নিয়োগকে নজিরবিহীন আখ্যা দিয়ে বলা হয়েছে, এটা প্রত্যাহার করা না হলে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের কনফারেন্স রুমে বিসিএস ট্যাক্স ও বিসিএস কাস্টম এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তারা এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব সরাফ উদ্দিন আহমেদকে গত রবিবার এনবিআর এর সদস্য পদে প্রেষণে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর এতে ফুঁসে উঠে রাজস্ব প্রশাসন। এ ব্যাপারে বিসিএস কাস্টম, এক্সাইজ ও ভ্যাট অ্যাসোসিয়েশন সভাপতি ও এনবিআর এর সদস্য ফিরোজ শাহ আলম উপস্থিত সাংবাদিকদের বলেন, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাব আমরা।