রাঙ্গামাটিতে উপাসনালয়ে নিরাপত্তা জোরদার

আপডেট : ১৩ মে ২০১৯, ০০:২৩

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর দেওয়া হুমকিতে রাঙ্গামাটি জেলার বৌদ্ধ বিহার ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী ১৮ মে পাহাড়ে অনুষ্ঠিত হতে যাওয়া শুভ বৌদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস কর্তৃক সশস্ত্র হামলা চালানো হতে পারে— এমন হুমকির বার্তা পাওয়ার পর নড়েচড়ে বসেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। গতকাল রবিবার রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সভায় রাঙ্গামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পাহাড়ে বসবাসরত সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই রাঙ্গামাটির সকল উপাসনালয়ে নজরদারি বৃদ্ধির পাশাপাশি রাঙ্গামাটি শহরের বিভিন্ন পয়েন্টে ব্যাপকহারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার আলমগীর কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দীসহ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ রাঙ্গামাটির সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পুলিশ সুপার জানান, দেশের স্বার্থে জনগণের নিরাপত্তা নিশ্চিতে দিনরাত সার্বক্ষণিক চেকপোস্টের মাধ্যমে চেক করা হবে। কাউকেই সন্দেহের বাইরে রাখা হবে না জানিয়ে পুলিশ সুপার বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যা যা করণীয় তার সর্বোচ্চটুকু প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী এই লক্ষ্যে রাঙ্গামাটির পাঁচ শতাধিক বৌদ্ধ ধর্মীয় উপাসনালয়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুসারে জেলার যেকোনো প্রান্তেই যেকোনো সময় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাবে পুলিশ। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ের সকল ধরনের লোকজনকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হবে এবং চেক করা হবে জানিয়ে পুলিশ সুপার বলেছেন, এ ক্ষেত্রে মুসলিম-বৌদ্ধ, হিন্দু-খ্রিস্টান ধর্মীয় গুরুরাও বাদ পড়বে না।

সভায় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস এর হামলার হুমকির কথা স্বীকার করে বলেন, প্রতিটি স্তরে আমাদের গোয়েন্দা তত্পরতা বৃদ্ধি করা হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখা মাত্র আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এছাড়া রাঙ্গামাটির প্রতিটি মানুষকে এই হুমকি সম্পর্কে সচেতন থাকতে হবে বলেও তিনি মত ব্যক্ত করেন।