সরকারি হলো ২৩ হাজার প্রাথমিক বিদ্যালয়

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:৪১
প্রধানমন্ত্রীর ঘোষণার ছয় মাস পর আনুষ্ঠানিকভাবে সরকারি করা হলো দেশের ২২ হাজার ৯২৫টি এমপিওভুক্ত রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমিন। মন্ত্রী বলেন, প্রথম ধাপে ২২ হাজার ৯২৫টি বিদ্যালয়ের মধ্যে ঢাকায় ৪ হাজার ৮২৫টি, রাজশাহী ৩ হাজার ৩৭৫টি, চট্টগ্রামে ৩ হাজার ১৮৯টি, খুলনায় ৩ হাজার ৪৫২টি, বরিশালে ২ হাজার ৪২০টি, সিলেটে ১ হাজার ৩৬২ এবং রংপুরে ৪ হাজার ৩০২টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার কাজ চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রী জানান, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এসব বিদ্যালয়ের ৯০ হাজার শিক্ষক যাতে করে সরকারি সব সুযোগ-সুবিধা পান সে ব্যবস্থা করা হবে। তবে আগস্টের মধ্যে অধিগ্রহণকৃত বিদ্যালয়গুলোর সরকারিকরণের কার্যক্রম শেষ হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে সরকারি বেতন-ভাতা তুলতে পারবেন। শিক্ষকরা ২০১৩ সালের পয়লা জানুয়ারি থেকে সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, দ্বিতীয় ধাপে পয়লা জুলাই থেকে জাতীয়করণযোগ্য আরো দুই হাজার ২’শ ৫২টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ পর্যায়ে বিদ্যালয়সমূহ অধিগ্রহণের কাজ আগস্ট মাসের মধ্যেই শেষ হবে। সর্বশেষ ধাপে ২০১৪ সালের পয়লা জানুয়ারি থেকে জাতীয়করণযোগ্য বিদ্যালয় ও শিক্ষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কার্যক্রম যথাসময়ে গ্রহণ করা হবে। এ অধিগ্রহণের কাজ শেষ হলে ২০১২ সালের ২৭ মের আগে স্থাপিত ও পরিচালিত দেশের রেজিস্টার্ড, নন রেজিস্টার্ড ও এনজিও পরিচালিত প্রায় ২৬ হাজার ২০০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের কাজ শেষ হবে। এর মাধ্যমে প্রায় ১ লাখ ৪ হাজার শিক্ষক সরকারি বেতন-ভাতা পাবেন বলে সম্মেলনে জানানো হয়। উলে¬্লখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৯ জানুয়ারি প্রাথমিক শিক্ষক সমাবেশে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন।