নিখোঁজ যুবলীগ নেতাকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:৪৪
নারায়ণগঞ্জে নিখোঁজ যুবলীগ নেতা পারভেজকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে গতকাল নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে ছিলেন পারভেজের স্ত্রী সোহানা বেগম ও তার ৬ বছরের ছেলে গল্প। নিখোঁজ যুবলীগ নেতা পারভেজের স্ত্রী ও সন্তানের সাথে একাত্মতা জানাতে শহীদ মিনারে উপস্থিত হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী। নিখোঁজ পারভেজের স্ত্রী বলেন, আমার স্বামী পেশায় একজন ব্যবসায়ী। সাইটস ওয়ান নামের একটি আইটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ফেইত এন্ড ফেয়ার নামে একটি রপ্তানিমুখী বায়িং হাউজের পরিচালক। পেশায় ব্যবসায়ী হলেও ৯০ দশক থেকে আমার স্বামী শেখ হাসিনার জন্য শামীম ওসমানের নেতৃত্বে রাজনীতি করছেন। চলতি বছর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সারা দেশে যে গণজাগরণ আর দ্বিতীয় মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আমার স্বামী ছিলেন ঐ যুদ্ধের একজন সৈনিক। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি আমার সন্তানকে এতিম হওয়ার হাত থেকে রক্ষা করুন। আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই, সন্তানের পিতাকে ফেরত পেতে চাই। এ সময় শহীদ মিনারে উপস্থিত শত শত মানুষের মাঝে এক হূদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত অনেকেই এ সময় কেঁদে ফেলেন। আশপাশের রাস্তায় থাকা যানবাহনের যাত্রীরাও থমকে দাঁড়িয়ে পড়েন। গতকালও জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা আবারো গণপদত্যাগের বিষয় নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, আমরা দল করে সরকারের কোন মন্ত্রীর পদত্যাগ চাইতে পারি না। তাই নিজেরাই দল থেকে পদত্যাগ করবো। উল্লে¬খ্য, ৬ জুলাই শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে নারায়ণগঞ্জ আসার পথে গুলশান ২নং সেক্টরে একটি সাদা মাইক্রোবাসে থাকা সাদা পোশাকের ১০/১২ জন অস্ত্রধারী নিজেদের ডিবির সদস্য বলে পরিচয় দেয় এবং পারভেজকে জোর করে তুলে নিয়ে যায়।