প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও বেলারুশ সফর শেষে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট গতকাল বুধবার দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, রেলমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, চীফ হুইপ আব্দুস শহীদ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম প্রমুখ। এ সময় মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, কূটনৈতিক কোরের ডিন ও পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তার সপ্তাহব্যাপী যুক্তরাজ্য ও বেলারুশ সফরের জন্য গত ৪ জুলাই বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেন। প্রথম পর্যায়ে তিনি ৪ থেকে ৮ জুলাই যুক্তরাজ্য সফর শেষে সেখান থেকে ৩ দিনের সফরে বেলারুশ যান। কিন্তু বেলারুশ সফর একদিন কমিয়ে তিনি দেশে ফিরে আসেন। লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রী ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে বৈঠক করেন। বোন শেখ রেহানার মেয়ে রেজোয়ানা সিদ্দিকী টিউলিপের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক প্রাতঃরাশ বৈঠকে যোগ দেন এবং ইউরোপে বাংলাদেশ কমিউনিটির সভায় ভাষণ দেন।
শেখ হাসিনা বেলারুশ সফরে সে দেশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসিনকোভিচের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। আলোচনার পর বাংলাদেশ ও বেলারুশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে দু’টি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন এবং যৌথ সাংবাদিক সম্মেলন করেন। শেখ হাসিনা তার সম্মানে দেয়া বেলারুশের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন এবং উভয় দেশের সর্বোচ্চ বাণিজ্য সংগঠন আয়োজিত যৌথ বাণিজ্য পরিষদের সভায় ভাষণ দেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে নির্মিত মিনস্ক’র ঐতিহাসিক ভিক্টোরি স্কয়ার পরিদর্শন ও সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী গত মঙ্গলবার রাতে মিনস্ক ত্যাগ করেন এবং তুরস্কের ইস্তাম্বুল হয়ে দেশে ফিরে আসেন।
