পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন জোরদার করাসহ পাহাড়ে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সংস্কারপন্থী গ্রুপের দশম জাতীয় সম্মেলন শুরু হয়েছে গতকাল বুধবার।
জেলা সদরে অবস্থিত খাগড়াপুর কমিউনিটি সেন্টারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জন-সংহতি সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রূপায়ন দেওয়ান। মহালছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান ও আঞ্চলিক পরিষদ সদস্য সুধাসিন্ধু খীসা।
সম্মেলনে অতিথি হিসেবে ছিলেন, বাংলাদশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হোসেন তারা ও দেওয়ান রশিদ হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা ওরফে পেলে, এডভোকেট শক্তিমান চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অংশাথুই মারমা ও বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান ধর্মবীর চাকমা, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান সোনা রতন চাকমা, জনসংহতি সমিতির নেতা সুধাকর ত্রিপুরা প্রমুখ।
সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রয়াত এমএন লারমার আদর্শচ্যুত হয়ে সন্তু লারমা জুম্ম জনগণকে বিভক্ত করে রেখেছেন। বক্তারা ভ্রাতৃঘাতি সংঘাত পরিহার করে শান্তি চুক্তি বাস্তবায়নে জুম্ম জনগণের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান।
