তারাকান্দি-ভূঞাপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২১:০৭
তারাকান্দি-ভূঞাপুর যমুনা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল দেখা দেয়ায় টাঙ্গাইলের ছয় উপজেলার মানুষের মধ্যে আতঙ্ক ও উত্কণ্ঠা বিরাজ করছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, যমুনায় পানি বৃদ্ধির সাথে সাথে গোপালপুর উপজেলার সোনামুই এবং সরিষাবাড়ি উপজেলার বাঁশুরিয়া গ্রামে ভাঙ্গন দেখা দেয়। গত দুদিনের ভাঙ্গনে চার শতাধিক বাড়িঘর এবং সহস্রাধিক একর আবাদি জমি নদীগর্ভে নিমজ্জিত হয়। গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার জানান, যমুনা চারটি জনপদসহ তিন কিলোমিটার ভেঙ্গে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ঠেকেছে। গত বুধবার সন্ধ্যায় বাঁধে ফাটল দেখা দেয়। তিনি পিংনা ইউনিয়নের চেয়ারম্যান এবং এলাকাবাসীকে সাথে নিয়ে সারারাত বাঁধ পাহারা এবং ভাঙ্গনরোধের চেষ্টা করছেন। গোপালপুর উপজেলা প্রশাসন জানায়, বাঁধটি ভেঙ্গে গেলে গোপালপুর, ভূঞাপুর, সরিষাবাড়ি, ধনবাড়ি, ঘাটাইল ও মধুপুর উপজেলা বন্যা কবলিত হবে। বাঁধ রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের আবেদন জানানো হয়েছে।