মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ার পর মেহের আফরোজ চুমকি এমপি গত বুধবার প্রথম গাজীপুরের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। তিনি গাজীপুর সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি বলেন, সম্প্রতি কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের পরাজয় হলেও এটি আওয়ামী লীগের জন্য বড় বিপর্যয় বলে মনে করি না। আওয়ামী লীগ দেশের একটি বৃহত্ রাজনৈতিক দল। এ সাময়িক বিপর্যয় কাটিয়ে আওয়ামী লীগ আপন শক্তিতে বলীয়ান হয়ে উঠবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন প্রমুখ। এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে শ্রী শ্রী মাণিক্য মাধবের নয়দিনব্যাপী রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন। উল্লেখ্য, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি গত ২ মে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
