বান্দরবানে পাহাড়ীদের ১১টি বাড়ি ভস্মীভূত

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২১:১০
বান্দরবানে অগ্নিকাণ্ডে পাহাড়ী সম্প্রদায়ের ১১টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ছয় লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। দমকল বাহিনী জানায়, বৃহস্পতিবার ভোররাতে জেলা সদরের জাদীপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে পাহাড়ী মারমা সম্প্রদায়ের ১১টি বসতবাড়ি। এছাড়াও পার্শ্ববর্তী আরো দুটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে প্রশাসনসহ জনপ্রতিনিধিরা। আগুনে ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে।