কাঁচা ফল টসটসে পাকা করা হয় রাসায়নিক পদ্ধতিতে যা মানুষের শরীরের জন্য চরম ক্ষতিকর। হলদে আম, পেঁপে, কলা ও কাঁঠালসহ নানারকম ফল রাসায়নিক প্রক্রিয়ায় পাকানো হয়। এসব টসটসে পাকা ফল খেয়ে মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এসব ক্ষতিকর বিষাক্ত রাসায়নিকের কিছু অংশ ফলের খোসার সূক্ষ্ম ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করে। ফলে এই ফল খেতে গেলে অবধারিতভাবে এসব ক্ষতিকর পদার্থের অংশ বিশেষ শরীরে ঢুকে পড়ে যা লিভার (যকৃত) ও কিডনির মারাত্মক ক্ষতিসাধনসহ মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে নানা ধরনের ক্ষতি করতে পারে বলে বিশেষজ্ঞ মহল মনে করেন। প্রতি ৫০ কেজি আম পাকানোর জন্য ১ কেজি কারবাইড যথেষ্ট বলে ব্যবসায়ীরা জানান। কৃত্রিম উপায়ে রাসায়নিক পদ্ধতিতে ফল পাকানোর বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হোক। এ ব্যাপারে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং জনগণের সুস্বাস্থ্য রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি।
সুমিত্র বিকাশ বড়ুয়া,
সিনিয়র সহ-সভাপতি,
বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব,
চট্টগ্রাম বৌদ্ধ বিহার, নন্দনকানন, চট্টগ্রাম
