বাড়ির মালিকসহ আটক ২

উত্তরখানে মা ও দুই সন্তানের অর্ধ গলিত লাশ উদ্ধার

আপডেট : ১৩ মে ২০১৯, ০১:০২

রাজধানী উত্তরখানে মা ও দুই সন্তানের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। তবে তদন্তের স্বার্থে চিরকুটে কী লেখা রয়েছে তা প্রকাশ করেনি। এসময় বাড়ির মালিকসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে উত্তরখান থানা পুলিশ। জাহানারা বেগম (৪৮), তার মেয়ে আফিয়া সুলতানা মিম (২০) এবং ছেলে মহিব হাসান রসির (২৮) লাশ উদ্ধার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। তারা ঘটনাটি তদন্ত করছেল। 

পুলিশ সূত্রে জানা যায়, উত্তরখান মৈয়নারটেক মাউসাইদ বাজারের চাপানেরটেক এলাকার একটি বাড়ির রুম থেকে পচা দুর্গন্ধ বের হলে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। গতকাল ররিবার রাত ১০ টার দিকে উত্তরখান থানা পুলিশ ওই বাসার ভেতর থেকে তিনটি লাশ উদ্ধার করে। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে এটি আত্মহত্যা।

উত্তরা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজুর রহমান জানান, গত ১লা মে জাহানারা বেগম গিয়াস উদ্দিনের এই বাড়ির তিনরুম ভাড়া নেন। এরপর থেকে তারা বাসার বাইরে খুব একটা বের হয়নি বলে এই এলাকায় তারা অপরিচিত। তবে গত ৩ তারিখে ছেলে রসি ৪০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দিতে বের হয়েছিল। তিনি আরো জানান, ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় পাওয়া গেছে। পরে দরজা ভেঙে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে ৯ তারিখে তাদের মৃত্যু হয়েছে।

জানা গেছে, জাহানারা বেগমের স্বামীর নাম ইকবাল হোসেন। ২০১৬ সালে তিনি মারা যান। তার দুই সন্তানের মধ্যে মিম প্রতিবন্ধী ছিল। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাতপুরে।