গ্যাপ এবং ওয়ালমার্টসহ উত্তর আমেরিকার ১৭টি নামকরা ব্র্যান্ড বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোতে নিরাপত্তার মান বাড়াতে যে পরিকল্পনা নিয়েছে তাকে ‘ধোঁকাবাজি’ বলে বর্ণনা করেছে কয়েকটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। মার্কিন এবং ক্যানাডিয়ান কোম্পানিগুলো তাদের এই পরিকল্পনার নাম দিয়েছে বাংলাদেশ ওয়ার্কার সেফটি ইনিশিয়েটিভ। বুধবার তারা পাঁচ বছর মেয়াদী এই পরিকল্পনা ঘোষণা করে। এর অধীনে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের যেসব কারখানা তাদের জন্য পোশাক তৈরি করে, তার প্রত্যেকটি কারখানা পরিদর্শন করা হবে। বাংলাদেশ সরকার ও গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে।
বেসরকারি আন্তর্জাতিক সংস্থা ওয়ার অন ওয়ান্ট বলেছে, গ্যাপ এবং ওয়ালমার্টের এই পরিকল্পনায় বাংলাদেশের কারখানাগুলোকে নিরাপদ করা সম্ভব নয়। এই পরিকল্পনায় অনেক ধরনের ত্রুটি রয়েছে। এরা যে কারখানাগুলো পরিদর্শন করবে, তার রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করবে না। পরিকল্পনাটি মেনে চলার কোন আইনগত বাধ্যবাধকতা নেই। কাজেই এখানে কোন নিশ্চয়তা নেই যে অবস্থার কোন পরিবর্তন হবে। এছাড়া শ্রমিক ইউনিয়ন অধিকারের কোন স্বীকৃতি নেই।
আন্তর্জাতিক শ্রমিক জোট ইন্ডাস্ট্রি অল বলেছে, এটি বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তার নামে আরেকটি নখদন্তহীন কর্পোরেট পরিকল্পনা।
