বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঐতিহ্যের তীর নিক্ষেপ ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরের আদিবাসী সমৃদ্ধ অন্যতম এলাকা ফার্মহাটে সম্প্রতি ১৫৮তম সাঁন্তাল বিদ্রোহ দিবস পালন করেছে ১নং চেহেলগাজী ও ২নং সুন্দরবন ইউনিয়ন পারগানা বাইসি (পরিষদ)। ওই ২ ইউনিয়নের পারগানা বাইসি আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ অভিমত ব্যক্ত করেন যে, অন্যায়-অত্যাচার-অবিচারের বিরুদ্ধে সিধু-কানুরা যে লড়াই শুরু করে আত্মহুতি দিয়েছিলেন সেই লড়াই-সংগ্রাম এখনো ফুরিয়ে যায়নি। শোষক গোষ্ঠীর অন্যায়-অত্যাচার-অবিচারের স্টিম রোলার শেষ হয়নি এখনো। তাই সিধু-কানুদের পথ ধরে শুরু হওয়া সংগ্রাম চালিয়ে যেতে হবে এখনো।
দিনাজপুর সদর উপজেলার ফার্মহাটে খোসালপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কারিতাস আইসিডিপি স্পেন/ ইন্ডিটেক্স প্রকল্প, দিনাজপুরের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ২নং সুন্দরবন ইউনিয়ন পারগানা প্রধান নরেশ সরকার মুর্মু। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কারিতাস আইসিডিপি (শিক্ষা ও উন্নয়ন) রবি মার্ডি বলেন, আদিবাসীদের ঘুমিয়ে থাকলে চলবে না। তাদেরকে জেগে উঠতে হবে। যেভাবে সিধু-কানুরা তাদের সময়কালে তাদের সমাজকে জাগিয়েছিলেন। তিনি বলেন, শিক্ষা ছাড়া আদিবাসীদের কোন গতি নেই। চুয়ানি, মদ ছেড়ে প্রত্যেক আদিবাসীকে শিক্ষিত হতে হবে এবং যুগের সাথে তাল মিলিয়ে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে। তাহলেই আদিবাসী সমাজ বিশ্বের মানচিত্রে নিজেদের জায়গা করে নিতে পারবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাসু’র ভারপ্রাপ্ত সভাপতি সামুয়েল হেমব্রম, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের সহ-সভাপতি সুমন মার্ডি, কারিতাস আইসিডিপি’র জিপিও রনজিত্ মার্ডি, ১নং চেহেলগাজী পারগানা পরিষদের শিরিল হেমব্রম প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন কারিতাসের সিডিও শ্যাম কিস্কু। আলোচনার আগে সিধু-কানুর উদ্দেশ্যে তৈরি একটি অস্থায়ী বেদিতে আদিবাসী নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনার পর আদিবাসীরা তাদের ঐতিহ্যের তীর নিক্ষেপ এবং আদিবাসী মেয়েরা বর্ণাঢ্য নাচ ও গান পরিবেশন করেন।
